স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন আয়োজন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে নির্বাচন কমিশন সরকারকে জানিয়েছে। আগামী বছর থেকেই এসব নির্বাচন শুরু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন পাঁচটি নির্বাচন সম্পন্ন করতে প্রায় ৬ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট দিয়েছে। তবে প্রকৃত ব্যয় কিছুটা কম-বেশি হতে পারে।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। বাকি পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলকভাবে কম অর্থ প্রয়োজন হবে।
এ বছর নির্বাচন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কার্যক্রম দেখে তার মনে হচ্ছে, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন নাও হতে পারে। কমিশন আগামী বছর থেকে নির্বাচন আয়োজনের দিকে এগোচ্ছে বলে তিনি ধারণা করছেন।
তিনি জানান, সচিব কমিটি এ বিষয়ে প্রাথমিক বৈঠক করেছে। চলতি মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আরেকটি বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ওই বৈঠকে সরকারের প্রতিনিধিরাও থাকবেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন হোক। তবে নির্বাচনের সূচনার সময় নির্বাচন কমিশনই নির্ধারণ করবে।

মন্তব্য করুন