সৌদি আরবকে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। একই সঙ্গে লোহিত সাগরের কৌশলগত বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হলে মার্কিন জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন হুথিদের সামরিক উপদেষ্টা আবেদ মোহাম্মদ আল-থাওর।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবের পক্ষে সামরিক হস্তক্ষেপ করে, বিমান হামলা চালায় বা বাব আল-মানদেবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তাহলে তা চরম সীমা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এর জবাবে আশপাশের যেকোনো মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
চলতি মাসে লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেয় হুথিরা। এর পর সৌদি আরব হুথিদের মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামরিক সহায়তা চেয়ে আসছে।
হুথিদের অবরোধে সৌদি আরবের তেল রপ্তানি ও অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদও আক্রান্ত হয়েছে।
হুথি নেতা আরও দাবি করেন, সৌদি আরব ইয়েমেনে নতুন করে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তবে ইরান তাদের সামরিক সিদ্ধান্তে নির্দেশনা দেয়—এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ইরান তাদের মিত্র হলেও হুথিরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়।
এদিকে, সংঘাতের কারণে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী কয়েক মাসে ২ লাখ ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ।

মন্তব্য করুন