ভারত নিজস্ব প্রযুক্তিতে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম ‘বি৩৫’ বুলেট ট্রেন তৈরির উদ্যোগ নিয়েছে। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উচ্চগতির রেলব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ট্রেনটি তৈরি করা হচ্ছে।

ভারতের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে দেশীয় প্রযুক্তিতে বুলেট ট্রেন তৈরি এবং এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা। একই সঙ্গে ‘বি২৮’ নামের আরেকটি উচ্চগতির ট্রেন তৈরির কাজও চলছে।

এদিকে মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের ব্যয় বাড়িয়ে দুই লাখ কোটি রুপির বেশি করার অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০১৫ সালের প্রাথমিক হিসাবের তুলনায় এই ব্যয় প্রায় দ্বিগুণ। প্রকল্পে কেন্দ্রীয় বাজেট থেকে প্রায় এক লাখ কোটি রুপি দেওয়ার কথা রয়েছে।

৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেলপথটি গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে যাবে। এতে মুম্বাই, থানে, ভিরার, বোইসার, ভাপি, সুরাট, ভাদোদরাসহ মোট ১২টি স্টেশন থাকবে।

ভারতের পাশাপাশি জাপানের নতুন ই১০ সিরিজের বুলেট ট্রেন ব্যবহারের বিষয়টিও ভবিষ্যতে বিবেচনা করতে পারে দেশটি।

এ ছাড়া ট্রেন নিয়ন্ত্রণ ও সিগন্যালিংয়ের জন্য ভারত ট্রেন কন্ট্রোল সিস্টেম (বিটিসিএস) তৈরির কাজ চলছে। এর মাধ্যমে ট্রেনের গতি নিয়ন্ত্রণ, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং রেল চলাচলের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য রয়েছে।