আগের দিনের সমালোচনার পর অবস্থান নরম স্পেনের প্রধানমন্ত্রীর; সিউটা-মেলিলা সীমান্তে বিপুল পুলিশ মোতায়েনের কথা জানালেন
সিউটা ও মেলিলায় অভিবাসীদের নতুন করে ঢল নামার আশঙ্কার মধ্যে মরক্কোর সীমান্ত নিয়ন্ত্রণ জোরদারের প্রশংসা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর একদিন আগেই জুলাইয়ের অভিবাসী ঢলের সময় মরক্কোর সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেছিলেন তিনি।
গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে ৭০ হাজারের বেশি অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সিউটায় প্রবেশের চেষ্টা করেন। অধিকাংশই কয়েক ঘণ্টার মধ্যে ফিরে গেলেও হাজার হাজার মানুষ কয়েক সপ্তাহ সেখানে আটকা পড়ে। সীমিত সম্পদের ছোট শহরটিতে এতে মানবিক সংকট তৈরি হয়।
মঙ্গলবার সিএনএনকে সানচেজ বলেন, ওই সময় মরক্কোর সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। এদিকে মরক্কোর পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সিউটা ও মেলিলার দিকে অভিবাসীদের নতুন করে যাওয়ার আহ্বান ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
তবে বুধবার নিউইয়র্কে সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, সিউটা ও মেলিলা—দুই সীমান্তেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন হতে দেখা গেছে। নতুন করে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে মরক্কোর পক্ষ থেকে ‘ব্যাখ্যা ও পরিবর্তন’ প্রয়োজন বলেও জানান তিনি।
মরক্কোকে অভিবাসীদের ঢল উসকে দিয়ে স্পেনকে চাপ দেওয়ার অভিযোগ করেছে দেশটির ডানপন্থী বিরোধী দলগুলো। তবে সানচেজ বলেন, সিউটা ও মেলিলার ওপর সার্বভৌমত্ব দাবি করা মরক্কোর বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনার মতো ‘জোরালো প্রমাণ’ নেই।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা সানচেজ এ সময় শহরটির মেয়র জোহরান মামদানির সঙ্গেও সাক্ষাৎ করেন।

মন্তব্য করুন