রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধ থাকতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম।

তিনি বলেন, দলবদ্ধভাবে কিছু লোক রাতে এসে নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর চালায়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে এবং পরে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন—মামুন, আসলাম ও মুন্না।

পুলিশ কর্মকর্তা জানান, হামলার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আবাসন ব্যবসা ও জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের জেরে হয়ে থাকতে পারে। তবে কার সঙ্গে কার বিরোধ, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সালমান মুক্তাদিরের কাছে চাঁদা দাবি করা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে মাহিদুল ইসলাম বলেন, এ ধরনের কোনো তথ্য এই মুহূর্তে পুলিশের কাছে নেই। প্রাথমিক তদন্তে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টিই সামনে এসেছে।

তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।