রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে এ সংঘর্ষ হয়। এতে সায়েন্সল্যাব মোড়ের আশপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।
ঢাকা কলেজের এক শিক্ষার্থীর দাবি, ক্লাস শেষে ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী বাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করে।
অন্যদিকে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী দাবি করেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হঠাৎ হামলা চালায়। এতে তাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটেছে বলেও জানান তিনি।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস জানান, ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় ল্যাবএইড হাসপাতালের সামনে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ভাঙচুরের চেষ্টা করে বলে তিনি শুনেছেন। পরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
তিনি বলেন, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল। শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে বিরত রাখতে কলেজের শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়।





মন্তব্য করুন