কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে কাউন্সিলর একরামুল হক হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
বদির সঙ্গে হাজির করা অন্য তিন আসামি হলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র্যাবের সাবেক মহাপরিচালক কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান।
মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ আরও কয়েকজন। তারা পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের কিরণতলী এলাকা থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে টেকনাফের নোয়াখালিয়াপাড়ায় মেরিন ড্রাইভের কাছে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।
মামলায় অবৈধ আটক, অপহরণ, কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা, প্ররোচনা, সহায়তা এবং হত্যার নির্দেশ দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।





মন্তব্য করুন