যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার ঝড়ের প্রভাবে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ঝড়টি স্থলভাগে আঘাত হানার পর ওয়াশিংটন ডিসি থেকে মেইন পর্যন্ত পূর্ব উপকূলের ১৪টি অঙ্গরাজ্যে এর প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চার অঙ্গরাজ্যে ১ লাখ ১৯ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঝড়ের কারণে ১৪ অঙ্গরাজ্যে ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল এবং আরও প্রায় ২ হাজার ৪০০ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার পর্যন্ত উপকূলীয় বন্যা, ভারী বৃষ্টিপাত, তীব্র দমকা হাওয়া ও বিপজ্জনক রিপ কারেন্ট অব্যাহত থাকতে পারে।

দুর্যোগ পরিস্থিতিতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং নিউজার্সির গভর্নর মিকি শেরিল শনিবার নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট জরুরি কার্যক্রম কেন্দ্র সক্রিয় করেছেন।