ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপনির্বাচনেও মনিটরিং সেল কার্যকরভাবে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, নির্বাচনী মাঠের পরিবেশ বর্তমানে ভালো রয়েছে এবং ভালো নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।





মন্তব্য করুন