বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সালমান খানের ক্যারিয়ারে যেমন সাফল্য এসেছে, তেমনি কঠিন সময়ও পার করতে হয়েছে তাকে। একসময় মামলা, ব্যক্তিগত সম্পর্ক ও সিনেমা নিয়ে নানা সমালোচনায় যখন ঘিরে ধরেছিল তাকে, তখনই ছোটপর্দায় আসার প্রস্তাব পান তিনি। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করতে শুরুতে রাজি ছিলেন না সালমান। শেষ পর্যন্ত বাবা সেলিম খানের পরামর্শেই বদলে ফেলেন সিদ্ধান্ত।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে প্রতিযোগীদের নিজের মতো থাকার পরামর্শ দিতে গিয়ে জীবনের সেই সময়ের কথা জানান অভিনেতা। তিনি বলেন, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম দিল দে চুকে সনম’ ও ‘করণ অর্জুন’-এর মতো একাধিক সফল সিনেমা করার পর তিনি ছোটপর্দায় আসেন। তখন তাকে ঘিরে চলছিল নানা নেতিবাচক আলোচনা।

সালমানের ভাষ্য, আদালতের মামলা থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক ও সিনেমা—সবকিছু নিয়েই তখন তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল। এমন পরিস্থিতিতে ‘দশ কা দম’ সঞ্চালনার প্রস্তাব পেয়ে তিনি অনুষ্ঠানটি করতে চাইছিলেন না।

এ নিয়ে বাবার সঙ্গে কথা বলেন সালমান। তখন সেলিম খান তাকে নিজের ব্যক্তিত্ব, মন ও শিক্ষার ওপর বিশ্বাস রাখার পরামর্শ দেন। বাবার সেই কথাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে দেয়।

সালমান জানান, বাবা তাকে অনুষ্ঠানটি করার পাশাপাশি সেখানে নিজের মতো থাকার পরামর্শ দিয়েছিলেন। বাবার কথা মেনে ‘দশ কা দম’ সঞ্চালনা শুরু করেন তিনি।

অভিনেতার মতে, অনুষ্ঠানটি তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। দর্শক সেখানে তাকে শুধু একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও দেখতে শুরু করেন।

সালমান বলেন, ওই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ তার ব্যক্তিত্বকে নতুনভাবে চিনতে পারে। তার সিনেমাগুলোর চরিত্রের বাইরে বাস্তব জীবনের সালমানকে দর্শকের সামনে তুলে ধরেছিল ‘দশ কা দম’। আর সেই পরিচয়ই পরবর্তী সময়ে তার জনপ্রিয়তার অন্যতম বড় অংশ হয়ে ওঠে।