দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়।

চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় ৪৮ শতাংশ পুরুষ এবং ৫২ শতাংশ নারী।

এদিকে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৬০ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৮৮ জন। চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ৮২ হাজার ৩৩৫ জন।