দেশের সড়ক ও মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ জন্য ট্রাফিক ব্যবস্থাপনার বিদ্যমান ত্রুটি দূর করার পাশাপাশি অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ এবং সড়ক খাতের সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার ও আহতদের চিকিৎসা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন