জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ দলের অন্যান্য নেতাকর্মী।
চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে ডা. শফিকুর রহমানের এ সফর। সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রাক্তন সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
এদিকে, জামায়াত আমিরের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মীরা বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন