উদ্ভাবনী ও তরুণ উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে তরুণ উদ্যোক্তাদের এসব খাতে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। একই সঙ্গে বিকল্প জ্বালানি ব্যবস্থার দ্রুত বিকাশে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি অতীতে স্বল্প সুদে ব্যাংক ঋণ দেওয়ার উদ্যোগের উদাহরণ তুলে ধরে বলেন, এর ফলে রাজশাহীসহ উত্তরাঞ্চলের পিছিয়ে থাকা এলাকাগুলোতে শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছিল।

সাক্ষাৎকালে ঢাকা চেম্বারের আয়োজনে অনুষ্ঠেয় বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। তিনি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

ডিসিসিআই প্রতিনিধিরা জানান, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তারা কাজ করছেন। সরকারের সঙ্গে সমন্বয় করে আগামী দুই বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা সমাধানের আশাবাদও জানান তারা।

সাক্ষাতে রাষ্ট্রপতি দেশের গণতন্ত্র, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, অতীতে লুটপাটের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাংকিং খাতও সংকটে পড়েছে। তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা গেলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে।