দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি নিজেও অনেক দরিদ্র রোগীকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং প্রতিষ্ঠানটি তাদের চিকিৎসায় সহযোগিতা করেছে।

এ কারণে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা চাওয়া হলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় ‘ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেজিলিয়েন্ট বাংলাদেশ: লিডিং দ্য ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। এ সময় তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়। রাষ্ট্রপতি সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

প্রতিনিধিদলে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক অধ্যাপক ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন উপস্থিত ছিলেন।