পদ্মা-মেঘনায় ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আগে শেষ মুহূর্তে চাঁদপুরের মাছঘাটগুলোতে ইলিশের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

বুধবার সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ক্রেতাদের ভিড় দেখা গেলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কিছু জেলে মাছ ধরে ঘাটে আনলেও অনেক জেলে এরই মধ্যে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন।

ঘাটে দেড় কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৩ হাজার টাকা, ১ কেজির ইলিশ ২ হাজার ৬০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ২০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে ঘাটে প্রায় ৪০০ মণ ইলিশ এসেছে। তবে ক্রেতাদের তুলনায় মাছের সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। ফলে অনেক ক্রেতাকেই ইলিশ না কিনে খালি হাতে ফিরতে হচ্ছে।