সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বাধ্যতামূলক গণভোটের বিধান পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি এবং অংশগ্রহণকারীদের সাংবিধানিক সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার সংবিধান সংশোধন কমিটির বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতেই সংবিধান সংশোধনী বিল সংসদে তোলা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে আগে অধ্যাদেশের মাধ্যমে আইন করা হয়েছিল। তবে ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতে সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে তাদের দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

তিনি জানান, সংবিধানের প্রস্তাবনা, মৌলিক নীতি এবং তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে বাধ্যতামূলক গণভোটের আয়োজন করা হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ১৯৯৬ বা ২০০৬ সালের কাঠামো হুবহু অনুসরণ করে ফিরছে না বলেও জানান তিনি। সরকারপ্রধান কে হবেন এবং কীভাবে সরকার গঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে বিচারক, সাবেক বিচারপতি, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের মতামত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যেভাবে সম্মত হয়েছে, সরকার সেভাবেই তা বাস্তবায়ন করবে।