লোকসানে থাকা সরকারি চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে চিনির পাশাপাশি অন্যান্য উপাদান ব্যবহার করে বায়ো-প্রডাক্ট উৎপাদনের সম্ভাবনা যাচাই করে প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় বর্তমানে কতটি পদ শূন্য রয়েছে এবং কোন কোন প্রতিষ্ঠান ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে সরকারি সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন সার কারখানাগুলোর উৎপাদন, সক্ষমতা, নতুন প্রকল্প, বন্ধ কারখানা পুনরায় চালু, গ্যাস সরবরাহ এবং পরিচালনাগত বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সার উৎপাদনের ব্যয়ও পর্যালোচনা করে কমিটি।
বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার ওপর গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানো, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার এবং বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতা দ্রুত দূর করার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কলকারখানার বার্ষিক আয়-ব্যয়, জনবলের শূন্য পদ এবং ২০২৬-২৭ অর্থবছরে চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এ ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর জেলা পর্যায়ের কার্যালয় সম্প্রসারণ ও শক্তিশালীকরণ, আঞ্চলিক কার্যালয় আধুনিকায়ন এবং শিল্প অবকাঠামো উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কমিটি শিল্প উৎপাদন বাড়ানো, সরকারি বিনিয়োগের সর্বোত্তম ব্যবহার, শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং চলমান প্রকল্পের সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে আগের বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।
বৈঠকে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরসহ কমিটির সদস্যরা অংশ নেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন করপোরেশন, দপ্তর, সংস্থা, বোর্ড ও ফাউন্ডেশনের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন