ভারতের রাজধানী নয়াদিল্লির সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল পাঠানো হয়।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা হয়নি।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ভবনের ধ্বংসাবশেষের চারপাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয়দেরও ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করতে দেখা গেছে।
এদিকে উদ্ধারকারী যান ও অ্যাম্বুলেন্স চলাচল নির্বিঘ্ন রাখতে দুর্ঘটনাস্থলের আশপাশের সড়ক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভবন ধসের কারণে সীমাপুরী গোল চত্বর, ডিএলএফ ভোপুরা এবং আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
এর আগে গত মাসে দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেল দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। তার এক মাসের মধ্যেই নতুন করে এই ভবন ধসের ঘটনা ঘটল।

মন্তব্য করুন