রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯০ জন রয়েছেন। এ ছাড়া মতিঝিলে ৮২ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, ওয়ারীতে ৭৫ জন, লালবাগে ৫৯ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং রমনায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগে ১১ জন ও সিটিটিসির অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২টি ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও দুই ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি কাভার্ডভ্যান, দুটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।