রাজধানীতে চাঁদাবাজ, ছিনতাইকারী, সন্ত্রাসী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অক্টোবরের প্রথম ১১ দিনে রাজধানীতে প্রায় পাঁচ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৫৮০টি।

ডিএমপির তথ্য অনুযায়ী, ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ৪৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ অক্টোবর সর্বোচ্চ ৫২৮ জন এবং ৩ অক্টোবর সর্বনিম্ন ৪০২ জন গ্রেফতার হন। সর্বশেষ ১১ অক্টোবর ৪৫২ জনকে গ্রেফতারের পাশাপাশি ৩২টি মামলা হয়েছে।

ডিএমপির অপরাধ বিভাগ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন থানা এসব অভিযান পরিচালনা করছে। পুলিশের নজরদারিতে রয়েছেন চিহ্নিত চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, দখলবাজ, ছিনতাইকারী, মাদক কারবারি, প্রতারক ও বিভিন্ন মামলার পলাতক আসামিরা।

গ্রেফতারের সংখ্যায় এগিয়ে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগে ১ হাজার ১২৭ জন গ্রেফতার হয়েছেন। তেজগাঁওয়ে ৭৭৯, ওয়ারীতে ৬৫০, মতিঝিলে ৬৪৫, লালবাগে ৫৫০, উত্তরায় ৪৭৬, গুলশানে ৩৭১ এবং রমনায় ৩১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানেও গুরুত্ব দিচ্ছে পুলিশ। ডিএমপির পৃথক তথ্যে চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতারের কথা জানানো হয়েছে। গুলশানে বর্জ্য ব্যবস্থাপনার কাজ নিয়ে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগেও কয়েকজন গ্রেফতার হয়েছেন।

অভিযানে অস্ত্র, মাদক ও চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, ১১ দিনে প্রায় ৩৫১ কেজি গাঁজা ও ৫১ হাজার ৯১৮টি ইয়াবা উদ্ধার হয়েছে। হত্যা ও রাজনৈতিক মামলার আসামিদেরও গ্রেফতার করা হচ্ছে।

ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তবে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে অপরাধভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।