আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ বিরতি তৈরি হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে দুর্গাপূজা উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে নির্দেশনাটি জারি করা হয়েছে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
টানা পাঁচ দিনের ছুটির কারণে ব্যাংকিং লেনদেনের পরিকল্পনা আগেই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।



মন্তব্য করুন