ভারতের সরকার ও ক্ষমতাসীনদের সমালোচকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর এক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও কারও নাম সরাসরি উল্লেখ করেননি তিনি, তবে পোস্টটি মোদিবিরোধী ইউটিউবার ধ্রুব রাঠিকে উদ্দেশ করে লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তানিশা লিখেছেন, কিছু তথাকথিত উচ্চশিক্ষিত ও অভিজাত হিন্দুর মধ্যে অন্ধ বিদ্বেষ দেখে তিনি বিস্মিত। তাঁর মতে, তাঁদের অনেকে এখনো ব্রিটিশ মানসিকতার প্রভাব থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি। সমালোচকদের উদ্দেশে তানিশা বলেন, লন্ডন ও যুক্তরাষ্ট্রের প্রতি এত টান থাকলে তাঁরা সেখানে চলে যেতে পারেন। দেশের সমস্যা তুলে ধরে ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গত দশ বছরে ভারতের অগ্রগতির বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান এই অভিনেত্রী।
সরকারকে সমর্থন করলেই কাউকে অন্ধভক্ত বা অশিক্ষিত বলা হয়, অথচ বিদেশে বসে ভারতের ব্যবস্থা নিয়ে সমালোচনা করা ব্যক্তিদের সমর্থন করলে তাঁকে আধুনিক ও প্রগতিশীল হিসেবে দেখা হয়, এমন অভিযোগও তোলেন তানিশা। তাঁর মতে, মানুষের চিন্তাভাবনা ও মানসিকতাকে প্রভাবিত করার একটি লড়াই চলছে। তাই অন্যের বক্তব্যে প্রভাবিত না হয়ে যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। পাশাপাশি সমাজে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনের শাসনের ওপর গুরুত্ব দেন তিনি।
তানিশার এই বক্তব্যের সঙ্গে মোদিবিরোধী ইউটিউবার ধ্রুব রাঠির প্রসঙ্গ জুড়ে দিয়েছে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমের সাম্প্রতিক আলোচনা। শনিবার (১১ অক্টোবর) ধ্রুবের নাগরিকত্ব নিয়ে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ে। তাঁকে জার্মানির নাগরিক দাবি করে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্রুব রাঠি পরে ভিডিওতে নিজের ভারতীয় পাসপোর্ট দেখিয়ে জানান, তিনি ভারতের নাগরিক। ফলে তাঁর নাগরিকত্ব নিয়ে ছড়িয়ে পড়া দাবি এবং তানিশার পোস্টকে ঘিরে বিতর্ক নতুন মাত্রা পায়।
তবে তানিশা সরাসরি ধ্রুব রাঠির নাম উল্লেখ করেননি। তাই তাঁর পোস্টটি ইউটিউবারকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আপাতত অভিনেত্রীর বক্তব্য এবং ধ্রুবের নাগরিকত্ব নিয়ে বিতর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

মন্তব্য করুন