দীর্ঘ ১৫ বছর পর ফিরতে যাচ্ছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে বিদ্যা বালান থাকছেন কি না, তা নিয়ে এখনো তৈরি হয়নি নিশ্চিত কোনো উত্তর।

সম্প্রতি জনপ্রিয় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে অংশ নিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানান একতা কাপুর। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কথা ভাবছিলেন। এবার এমন একটি গল্প পেয়েছেন, যা দর্শকদের সামনে তুলে ধরতে চান। এ খবর জানিয়েছে এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।

একতা কাপুরের ভাষ্য অনুযায়ী, নতুন সিনেমাটিও একজন বাস্তব মানুষের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হবে। তবে সেই ব্যক্তি কে, গল্পের প্রেক্ষাপট কী কিংবা কোন অভিনেত্রীকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল। সিনেমাটিতে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান বিদ্যা বালান। তাঁর শক্তিশালী অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। এই সিনেমার জন্যই সেরা অভিনেত্রী হিসেবে নিজের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ছবিতে আরও অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর।

সিল্ক স্মিতার চরিত্র নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন একতা কাপুর। তাঁর মতে, প্রথম সিনেমায় সিল্ককে শুধু একজন ভুক্তভোগী হিসেবে নয়, বরং নিজের পছন্দ ও যৌনতার প্রকাশের মাধ্যমে সমাজের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানানো একজন নারী হিসেবে তুলে ধরা হয়েছিল।

তবে ‘দ্য ডার্টি পিকচার ২’-এ বিদ্যা বালানের প্রত্যাবর্তন নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নতুন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন, সেটিও নিশ্চিত নয়।

ফলে সিক্যুয়েলে বিদ্যা বালান থাকছেন কি না, তা জানতে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে।