হাই-ফ্যাশনে ডেনিমের জনপ্রিয়তা বাড়ার মধ্যে ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড লিউ জো-এর সঙ্গে নতুন কালেকশন নিয়ে কাজ করছেন সুপারমডেল গিগি হাদিদ। ‘দ্য গিগি হাদিদ এডিট’ নামের এই সংকলনে ডেনিমের পাশাপাশি স্বচ্ছন্দ অথচ পরিশীলিত নকশার বিভিন্ন পোশাক স্থান পেয়েছে।
নিজের ব্র্যান্ড গেস্ট ইন রেসিডেন্সের প্রথম ডেনিম কালেকশন প্রকাশের এক মাস পরই লিউ জো-এর সঙ্গে হাদিদের এই উদ্যোগ সামনে এল। ক্যাশমিয়ার পোশাকের জন্য পরিচিত গেস্ট ইন রেসিডেন্স ২০২৬ সালের ফল কালেকশনে প্রথমবারের মতো নারীদের ডেনিম যুক্ত করেছে। উইমেনস ওয়্যার ডেইলি (ডব্লিউডব্লিউডি) জানিয়েছে, মার্কিন ডেনিম ডিজাইনার বেঞ্জামিন ট্যালি স্মিথের সঙ্গে যৌথভাবে তৈরি এই কালেকশনে রয়েছে চার ধরনের জিন্স—হাই-ওয়েস্টেড ওয়াইড-লেগ, রিল্যাক্সড স্ট্রেইট-লেগ, টেপারড এবং কার্পেন্টার-অনুপ্রাণিত নকশা।
আগস্টে এক সাক্ষাৎকারে হাদিদ বলেছিলেন, ডেনিম সব সময়ই তাঁর ব্যক্তিগত পোশাকের গুরুত্বপূর্ণ অংশ। ক্যাশমিয়ারের পাশাপাশি জিন্স পরার অভ্যাসকে তিনি নিজের দৈনন্দিন পোশাকের ধরন হিসেবেও উল্লেখ করেন।
সম্প্রতি শেষ হওয়া প্যারিস ফ্যাশন উইকেও ডেনিমের নতুন রূপ নিয়ে পরীক্ষা চালিয়েছেন বিভিন্ন ডিজাইনার। অ্যাকনি স্টুডিওস ব্যবহার করেছে চকচকে আবরণ, ম্যাটিয়ের ফেকালস এনেছে ক্রোকোডাইল-ধাঁচের এমবসড ফিনিশ ও অতিরঞ্জিত ছেঁড়া প্রান্ত, আর অ্যালেইনপল দেখিয়েছে ধাতব রুপালি রং। ব্যালেনসিয়াগার সংগ্রহে ছিল বাঁকানো সেলাই ও ডিস্ট্রেসড ডিটেইলসহ ওয়াইড-লেগ জিন্স। অন্যদিকে, মিউ মিউ ঐতিহ্যবাহী ডেনিম ব্র্যান্ড র্যাংলারের সঙ্গে আসন্ন সহযোগিতায় ভিন্টেজ স্টাইল ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।
লিউ জো-এর সঙ্গে হাদিদের কালেকশনে রয়েছে ওভারশার্ট, বোম্বার জ্যাকেট ও নেপোলিয়ন-শৈলীর জ্যাকেট। ডিজিটাল প্রিন্ট, অলঙ্করণ এবং একই রঙের সেলাইয়ের কাজ পোশাকগুলোতে যোগ করেছে আলাদা বৈশিষ্ট্য। চামড়ার কাউবয় বুটও রয়েছে এই সংগ্রহের অংশ হিসেবে।
সুইস বিনিয়োগ ব্যাংক ইউবিএসের বিশ্লেষকদের পূর্বাভাস, আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের ডেনিম বাজার বছরে গড়ে ২ শতাংশ হারে বাড়তে পারে। কর্মক্ষেত্রে পোশাকবিধি শিথিল হওয়া এবং দৈনন্দিন পোশাকে জিন্সের ব্যবহার বাড়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। অ্যাথলেজার পোশাকের উত্থানে একসময় চ্যালেঞ্জের মুখে পড়লেও ডেনিম আবারও ফ্যাশনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠছে।
ডেনিমের বাজার সম্প্রসারণে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো উদীয়মান বাজারও ভূমিকা রাখছে। ইউবিএসের প্রতিবেদনে উদ্ধৃত ডব্লিউডব্লিউডির ২০২৫ সালের জুনের এক প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ থেকে ১৫ বছরে এসব অঞ্চলে ডেনিম বিক্রির দ্রুত প্রবৃদ্ধি দেখা গেছে। ফলে গিগি হাদিদের নতুন সহযোগিতা শুধু ফ্যাশন প্রবণতার অংশ নয়, বরং বিশ্ববাজারে ডেনিমের প্রতি বাড়তে থাকা আগ্রহেরও প্রতিফলন।



মন্তব্য করুন