নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে এর আগে প্রাক্তন প্রেমিক ও পরিচালক রাজ চক্রবর্তীকে ঘিরে কোনো রকম বিতর্কে জড়াতে চান না তিনি। সম্প্রতি আনন্দবাজারের ‘র‌্যাপিড ফায়ার’ অনুষ্ঠানে নিজের বর্তমান অবস্থান এভাবেই স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
একসময়ে টালিউডে মিমি ও রাজের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। দীর্ঘ বিরতির পর সম্প্রতি রাজ চক্রবর্তীর ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে প্রায় ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন তাঁরা। আনন্দবাজারের ওই অনুষ্ঠানে চিরকুট পর্বে রাজের নাম উঠে এলে মিমি তাঁকে ‘ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার’ হিসেবে অভিহিত করেন। তবে রাজকে কোনো গান উৎসর্গ করার কথা উঠতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো বিতর্কে জড়াতে চান না।
অনুষ্ঠানে মিমির সামনে ‘মন ভাঙার পর’ এবং জীবনের ‘ডিলিটেড পার্ট’ নিয়ে প্রশ্ন রাখা হয়। জবাবে অভিনেত্রী বলেন, তাঁর অনেক বছর আগেই মন ভেঙেছিল এবং সেই কষ্ট তিনি পেছনে ফেলে এসেছেন। অতীতের ডিলিটেড অধ্যায় নিয়ে আর ঘাঁটাঘাঁটি করতে নারাজ তিনি।
এদিকে আসছে পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাচ্ছে মিমির নতুন সিনেমা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের ‘পথের দাবি’ উপন্যাসের শতবর্ষ পূর্তি উপলক্ষে নির্মিত এই ছবিতে ‘সুমিত্রা’ চরিত্রে দেখা যাবে মিমিকে।