ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে নিরাপত্তা জোরদার করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। নিজের নিরাপত্তার স্বার্থে তিনি এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে অবস্থান পরিবর্তন করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, হুথিদের হামলার তীব্রতা বাড়তে থাকায় যুবরাজকে অধিক নিরাপত্তাবেষ্টিত প্রাসাদগুলোতে নেওয়া হচ্ছে। এসব প্রাসাদের কয়েকটিতে রয়েছে বিশেষ সুরক্ষাব্যবস্থা ও বাঙ্কার। পাশাপাশি তাঁর নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে বাছাই করা একটি বিশেষ নিরাপত্তা দল।
প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে সর্বশেষ গত মঙ্গলবার একটি রক্তদান কর্মসূচিতে প্রকাশ্যে দেখা গিয়েছিল। এরপর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি।
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি কর্মকর্তাদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর কোনো উপসাগরীয় আরব দেশে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।
হামলার পর থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। গত পাঁচ দিনে দেশটির গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে চার দফা হামলা চালিয়েছে হুথিরা বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে হুথিদের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী। তিনি বলেছেন, বিদ্রোহীরা যেভাবে ভয়াবহ হামলা চালিয়েছে, তার জবাবও হবে সমান গুরুতর।
ধারাবাহিক হামলার ফলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।


মন্তব্য করুন