সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কথা বলা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে।
প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির বয়সসীমা
নীতিমালা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স বিবেচনায় নিয়ে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর।
অন্যান্য শ্রেণিতে ভর্তির বয়সসীমা হবে—
দ্বিতীয় শ্রেণিতে ৬ থেকে ৮ বছর, তৃতীয় শ্রেণিতে ৭ থেকে ৯ বছর, চতুর্থ শ্রেণিতে ৮ থেকে ১০ বছর এবং পঞ্চম শ্রেণিতে ৯ থেকে ১১ বছর।
ষষ্ঠ শ্রেণিতে ১০ থেকে ১২ বছর, সপ্তম শ্রেণিতে ১১ থেকে ১৩ বছর, অষ্টম শ্রেণিতে ১২ থেকে ১৪ বছর এবং নবম শ্রেণিতে ১৩ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা ভর্তির জন্য বিবেচিত হবে।
শিক্ষার্থীর বয়স প্রমাণের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
শিক্ষাবর্ষ ও শ্রেণিপ্রতি শিক্ষার্থীসংখ্যা
নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ শুরু হবে ১ জানুয়ারি এবং শেষ হবে ৩১ ডিসেম্বর। প্রতিটি শ্রেণির একটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।
মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশশ্রেণি হিসেবে প্রথম শ্রেণিতে এবং আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত অন্যান্য শ্রেণিতে এ নীতিমালার আওতায় শিক্ষার্থী ভর্তি করা যাবে।



মন্তব্য করুন