পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে টানা নয় মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখা হয়। নির্ধারিত নয় মাসের নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ায় নতুন মৌসুমে দ্বীপটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
এর আগে গত ১২ অক্টোবর সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্বীপটির পর্যটন কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থানের সময়সীমা, দৈনিক পর্যটকের সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে এসব বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিদ্যমান নির্দেশনা বহাল থাকবে।
সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে আসছে সরকার। নতুন মৌসুমে দ্বীপটি খুলে দেওয়ার ফলে পর্যটকেরা ভ্রমণের সুযোগ পাবেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে পর্যটন কার্যক্রম পরিচালনার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

মন্তব্য করুন