ইয়েমেনের রাজধানী সানায় হুথি গোষ্ঠীর দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পাল্টা অভিযান চালিয়ে এসব কেন্দ্র ধ্বংস করা হয় বলে জানিয়েছে জোট।সোমবার (২৬ অক্টোবর) ভোরে অভিযানটি পরিচালনা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি।

জোটের দাবি, রোববার স্থানীয় সময় রাত ৩টা ৪২ মিনিটে হুথিরা রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করে। এর প্রায় এক থেকে দেড় ঘণ্টার মধ্যে সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র দুটিতে অভিযান চালানো হয়।

তুর্কি আল মালিকি বলেন, সৌদি আরবকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টার জবাবে সুনির্দিষ্টভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তার দাবি, সামরিক পদক্ষেপটি আন্তর্জাতিক ও মানবিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এদিকে সৌদি আরবের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় হতাহত এবং সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইত ও আহাদ রাফিদা এলাকায় পড়ে একজন সৌদি নাগরিক ও একজন এশীয় প্রবাসী আহত হন। ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি আবাসিক ভবন ও সাতটি যানবাহন।

এর আগে শনিবার ও রোববারও রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ক্রমবর্ধমান এসব হামলা ও পাল্টা সামরিক অভিযানে সৌদি আরব-ইয়েমেন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।