বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি জাপানের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান সানায়ে তাকাইচি।
স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় জাপান দৃঢ় সমর্থন দেবে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ ধারণা বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকা এবং ‘বিগ-বি’ উদ্যোগ। জাপানের প্রধানমন্ত্রীর মতে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় বাজার। দেশটির অর্থনীতির জন্যও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানো তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, বাংলাদেশের প্রতি জাপান সরকার ও জনগণের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশকে শান্তিপূর্ণ জাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
সানায়ে তাকাইচি জানান, দুই দেশের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা রয়েছে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যেও তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন