বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন তার বাবা এ কে এম এনায়েতুল করিম। তার দাবি, তাহসিফ সাঁতার জানতেন। পাইলট হিসেবে প্রশিক্ষণের অংশ হিসেবে সাঁতারের ওপর বিশেষ কোর্সও করেছিলেন তিনি। ছিল প্রশিক্ষণের সনদও। তাই ধাওয়ার মুখে তুরাগ নদে ঝাঁপ দিয়ে তার মৃত্যুর যে তথ্য সামনে এসেছে, তা বিশ্বাস করছেন না বাবা।

শুক্রবার (৩০ অক্টোবর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন তিনি।

তাহসিফের বাবা বলেন, ‘কেন তাহসিফকে ধাওয়া দিতে যাবে? এগুলো বাজে কথা, প্রশ্নই আসে না। আমার ছেলে সাঁতার জানত। ও তো পাইলট। ওদের সুইমিংয়ের কোর্স করা এবং তার ওপর সার্টিফিকেট আছে। সাঁতারের ওপর বড় ধরনের কোর্স করা আছে আমার ছেলের।’

ঘটনাটি আড়াল করা বা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে কি না, এমন প্রশ্নে এনায়েতুল করিম বলেন, তার কাছে বিষয়টি স্বাভাবিক মনে হচ্ছে না। ধাওয়া দেওয়ার ঘটনা সামনে এনে প্রকৃত ঘটনাকে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে তার সন্দেহ।

এর আগে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেন, ঘটনার দিন কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করলে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। আর তিনি সেখান থেকে পালিয়ে যান। তবে দ্বীপের বক্তব্যে একেক সময় একেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পিবিআই।

দ্বীপের সর্বশেষ বক্তব্যের ভিত্তিতে ঘটনাস্থলের কাছ থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে তদন্ত সংস্থা। সেটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। তাহসিফকে ঘটনাস্থলে রেখে দ্বীপ কেন একা চলে গেলেন, সেই প্রশ্নের উত্তরও খুঁজছে পিবিআই।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দ্বীপের সঙ্গে কথা বলতে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর আর ফেরেননি তিনি। পরদিন ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।