খাদ্যসংকট ও কৃষিপণ্য বাজারজাতের ভোগান্তি কমাতে সাজেকে চলমান সড়ক অবরোধ ১৩ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী দুই সংগঠন। আগামী রোববার (১ নভেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ শিথিল থাকবে। এ সময় পণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতে যান চলাচল স্বাভাবিক থাকবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা।

তিনি জানান, অবরোধ শিথিলের এই সময়ে স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি নিজেদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করার সুযোগ পাবেন। সাধারণ মানুষের চলাচলেও কোনো বাধা থাকবে না।

তবে ১৩ ঘণ্টার সময়সীমা শেষ হলেই আবারও পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন বাবুধন চাকমা।

সাজেকের চলমান অস্থিরতা নিরসন এবং পাঁচ দফা দাবিতে আন্দোলনকারী দুই সংগঠনের ডাকে দীর্ঘদিন ধরে সড়ক অবরোধ চলছে। এতে সাজেকের সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাহত হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ, কৃষিপণ্য বাজারজাতকরণ ও পর্যটন ব্যবসাও।