জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুতের চাহিদা পূরণে সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণ, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং প্রশাসনিক জটিলতা কমাতে জারি করা হয়েছে বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ-২০২৬। পাশাপাশি ২০২৬-৩০ মেয়াদে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র গ্রহণ এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উদ্বৃত্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কেনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নীতিগতভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিনিয়োগ ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরিচালন ব্যয়ভিত্তিক মডেলকে উৎসাহিত করা হচ্ছে। এতে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তিনি আরও বলেন, ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করেও আয় করতে পারবেন গ্রাহকরা।

রাজধানীর গণপরিবহনব্যবস্থা উন্নত করতে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫-এর চারটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্যাকেজে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় এসব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে আমদানি করা ১৮টি ব্রডগেজ কোচ দেশে পৌঁছেছে। বাকি কোচগুলোও দ্রুত আসবে বলে জানানো হয়েছে।

বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার রক্ষায় গত অক্টোবরে সারা দেশে ৯৯৩টি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অভিযানে ১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পাওয়ার স্টার্টআপের তৃতীয় ধাপ গত ২৯ অক্টোবর শুরু হয়েছে। জাহেদ উর রহমান বলেন, প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। এই বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগকে বিবেচনায় নিয়ে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরে যাবেন।