বিদেশে ভ্রমণের সময় জনপ্রিয় পর্যটনকেন্দ্রের টিকিট কেনা আরও সহজ করতে নতুন ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু করেছে ভারত। এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বুর্জ খলিফা এবং সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওসহ বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন আকর্ষণের টিকিট অনলাইনে কেনা যাবে ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ব্যবহার করে। তবে এই সুবিধা আপাতত ভারতীয় পর্যটকদের জন্য নির্ধারিত। ফলে বাংলাদেশি পর্যটকেরা নিজেদের বিকাশ, নগদ কিংবা বাংলাদেশি ব্যাংক হিসাব দিয়ে সরাসরি এ সুবিধা নিতে পারবেন না।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের ৩০ অক্টোবরের ঘোষণা অনুযায়ী, ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই) আন্তর্জাতিক শাখা এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের (এনআইপিএল) উদ্যোগে এ ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে ভারতীয় পর্যটকেরা নিজেদের ইউপিআই অ্যাপ ব্যবহার করে অনলাইনেই টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতে বুর্জ খলিফার ‘অ্যাট দ্য টপ’ পর্যবেক্ষণস্থলের টিকিট কেনার ক্ষেত্রে ইউপিআই পেমেন্ট চালু হয়েছে। এ জন্য এনআইপিএল অংশীদারত্ব করেছে নিওপে ও ইমার এন্টারটেইনমেন্টের সঙ্গে।

অন্যদিকে সিঙ্গাপুরে রিসর্টস ওয়ার্ল্ড সেন্টোসার সঙ্গে ফোমো পে-এর অংশীদারত্বে চালু হয়েছে একই সুবিধা। এর আওতায় ইউনিভার্সাল স্টুডিওস সিঙ্গাপুর, সিঙ্গাপুর ওশেনারিয়াম এবং অ্যাডভেঞ্চার কোভ ওয়াটারপার্কের টিকিট কেনা যাবে।

বাংলাদেশি পর্যটকদের জন্য সরাসরি এই সুবিধা চালু হয়নি। অর্থাৎ বিকাশ, নগদ কিংবা বাংলাদেশের ব্যাংক হিসাব ব্যবহার করে ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কেনা সম্ভব নয়।

তবে কোনো বাংলাদেশি পর্যটকের বৈধ ও সক্রিয় ভারতীয় ব্যাংক হিসাবের সঙ্গে যুক্ত যোগ্য ইউপিআই অ্যাকাউন্ট থাকলে সংশ্লিষ্ট বুকিং প্ল্যাটফর্মের শর্ত অনুযায়ী সুবিধাটি ব্যবহার করতে পারেন। অন্যথায় আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কেনা যাবে।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, মরিশাস, নেপাল, ভুটান, কাতার, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও গ্রিসে ইউপিআই ব্যবহারের সুযোগ রয়েছে। উজবেকিস্তানও এ তালিকায় যুক্ত হতে পারে।

এর আগে ২০২৪ সালের ২৬ জানুয়ারি ফ্রান্সের আইফেল টাওয়ারের টিকিট কেনার ক্ষেত্রেও ইউপিআই পেমেন্ট সুবিধা চালু হয়েছিল।