চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর নিরাপত্তা অডিট সম্পন্ন হয়েছে। ১ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এই অডিট বুধবার (৪ নভেম্বর) বিকেলে শেষ হয়।

আইকাওর চার সদস্যের একটি প্রতিনিধিদল Universal Security Audit Programme–Continuous Monitoring Approach (USAP-CMA)-এর আওতায় এ অডিট পরিচালনা করে। প্রতিনিধিদলে ছিলেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।

অডিট চলাকালে বিমানবন্দরের নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি হোল্ড ব্যাগেজ ও কেবিন ব্যাগেজ স্ক্যানিং মেশিন, এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন সিস্টেম (ETDS), ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং হ্যান্ড-হেল্ড মেটাল ডিটেক্টরের রক্ষণাবেক্ষণ, ক্যালিব্রেশন ও কার্যকারিতা পরীক্ষা করা হয়।

এসব নিরাপত্তা সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের প্রশিক্ষণ ও সনদও যাচাই করেন অডিটররা। এ ছাড়া বিমানবন্দরের নিরাপত্তা কর্মসূচির মানদণ্ড অনুযায়ী বিভিন্ন নিরাপত্তা পোস্টে তল্লাশি কার্যক্রম, সিসিটিভি ফুটেজ, রানওয়ে ও কার্গো টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রী ও দর্শনার্থীদের প্রবেশাধিকার পরীক্ষা করা হয়।

বুধবার সমাপনী দিনে অডিট কার্যক্রম শেষে প্রতিনিধিদলের প্রধান ক্যালাম ভাইন বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর কোনো পর্যবেক্ষণ নেই বলে সন্তোষ প্রকাশ করেন। অডিটের বিস্তারিত পর্যবেক্ষণ ও সুপারিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

বেবিচক আশা করছে, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আন্তর্জাতিক নিরাপত্তা অডিটে সন্তোষজনক ফলাফল বিমানবন্দরের আন্তর্জাতিক ভাবমূর্তি ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।