মাদারীপুরের কালকিনি উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (ইউএইচএফপিও) কর্মস্থলে পাননি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে ওই কর্মকর্তার জন্য হাসপাতাল প্রাঙ্গণে অপেক্ষা করেন তিনি। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই নার্সকে অন্যত্র বদলির নির্দেশ দেন মন্ত্রী।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম, চিকিৎসাসেবা এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। এর প্রভাবে দেশের স্বাস্থ্য খাত শোচনীয় অবস্থায় পৌঁছেছে। ওই সময়ে হাসপাতালগুলোতে জনবল, টিকা ও ওষুধের সংকট প্রকট ছিল বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যসেবার মান বাড়াতে আউটসোর্সিং ব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে, সেখানে পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল বাড়ানো হবে। দুর্নীতি বন্ধ করে সীমিত বাজেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানান তিনি। বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিদর্শন করে অনিয়ম পাওয়া গেলে সেগুলো বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
পরে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন