বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও দিন দিন শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক। সময়ের সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও বিকশিত হয়েছে।

তিনি বলেন, তিন দশক ধরে অ্যামচেম বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের প্রদর্শনীতে স্বাস্থ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং, উৎপাদনশিল্প, শিক্ষা এবং কৃষিব্যবসাসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়েছে।

এ সময় বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান স্পিকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

অ্যামচেম সভাপতি সৈয়দ কামাল হোসেন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন।

তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করছে।