ক্রিকেটে এক বলে ৭ রান কিংবা ২০ রান করার ঘটনা শুনেছেন নিশ্চয়ই। এমনকি কোনো দল শূন্য রানেও অলআউট হওয়ার নজির রয়েছে। কিন্তু এক বলেই ২৮৬ রান! শুনতে অবিশ্বাস্য মনে হলেও ক্রিকেটের ইতিহাসে এমনই একটি অদ্ভুত ঘটনার গল্প প্রচলিত রয়েছে। তবে ঘটনাটি সত্যি, নাকি নিছক রূপকথা, তা নিয়ে আজও রয়েছে বিতর্ক।
এই অবিশ্বাস্য ঘটনার সূত্র হিসেবে উল্লেখ করা হয় লন্ডনের সংবাদপত্র পল মল গেজেটকে। ১৮৯৪ সালের ১৫ জানুয়ারি পত্রিকাটির ‘স্পোর্টিং নোটস অ্যান্ড নিউজ’ বিভাগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের বানবুরিতে ভিক্টোরিয়া দল ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, প্রথমে ব্যাট করতে নামে ভিক্টোরিয়া। ইনিংসের প্রথম বলটি ব্যাটে লেগে মাঠের একটি বিশাল গাছের ডালে আটকে যায়। স্বাগতিক দল বল হারিয়ে গেছে দাবি করলেও আম্পায়াররা বলটি দেখতে পাওয়ায় সেই আবেদন গ্রহণ করেননি।

এরপর ব্যাটাররা উইকেটের মধ্যে দৌড়াতে শুরু করেন। অন্যদিকে গাছ থেকে বল নামানোর চেষ্টা চলতে থাকে। প্রথমে কুড়াল দিয়ে গাছের ডাল কাটার পরিকল্পনা করা হলেও তা সম্ভব হয়নি। পরে একটি রাইফেল আনা হয়। কয়েকবার গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর শেষ পর্যন্ত বলটি গাছ থেকে নিচে পড়ে যায়।

কিংবদন্তির গল্প অনুযায়ী, ততক্ষণে ব্যাটাররা দৌড়ে ২৮৬ রান সংগ্রহ করে ফেলেছেন। এরপরই ইনিংস ঘোষণা করে ভিক্টোরিয়া।

তবে এই ঘটনার পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে গল্পটি প্রকাশিত হলেও অধিকাংশ ক্ষেত্রেই মূল সূত্র ছিল সেই পল মল গেজেটের প্রতিবেদন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ওয়েস্টার্ন মেইল ঘটনাটিকে ‘বিশাল রূপকথা’ বলে উল্লেখ করেছিল।

হিসাব অনুযায়ী, উইকেটের মধ্যে দৌড়ে ২৮৬ রান তুলতে ব্যাটারদের প্রায় ছয় কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। তাই ঘটনাটি বাস্তবে ঘটেছিল কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

তবু এক বলে ২৮৬ রানের এই অবিশ্বাস্য গল্প ক্রিকেটের বিচিত্র ইতিহাসে আজও আলোচিত।