স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। কর্মজীবী নারীদের নিরুৎসাহিত না করে সন্তান লালন-পালনে বাবা-মায়ের সমান দায়িত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাবা-মা দুজনই চাকরিতে ব্যস্ত থাকলে এর প্রভাব সন্তানদের ওপর পড়ে। ব্যক্তিগতভাবে স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা তাঁর পছন্দ নয় বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এর প্রতিক্রিয়া জানান শবনম ফারিয়া। তিনি লেখেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী একজন চিকিৎসক। তাঁদের মেয়েও একজন ব্যারিস্টার। এ ধরনের উদাহরণ নারীদের অনুপ্রেরণা জোগায় বলে মনে করেন তিনি।

ফারিয়ার মতে, বাংলাদেশে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান এবং সহিংসতা ও বৈষম্য দূর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল অবস্থান থেকে বাবা-মা দুজনের চাকরি করা পছন্দ নয় বলে মন্তব্য করা প্রশ্নবিদ্ধ।

সন্তান লালন-পালনের কারণে অনেক নারী কর্মজীবনের মাঝপথে চাকরি ছেড়ে দিতে বাধ্য হন উল্লেখ করে অভিনেত্রী বলেন, সন্তান বড় করার দায়িত্ব শুধু মায়ের নয়, বাবা ও মায়ের সমান দায়িত্ব।

তিনি কর্মজীবী মায়েদের সুবিধার্থে প্রতিটি অফিসে মানসম্মত ডে-কেয়ার ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেন। এতে সন্তানকে রেখে কাজে যাওয়ার অপরাধবোধ ছাড়াই নারীরা পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে করেন তিনি।

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেক পরিবারের জন্য দুজনের উপার্জন প্রয়োজন উল্লেখ করে ফারিয়া বলেন, একজনের আয়ে সন্তানদের ভালো শিক্ষা, সুন্দর জীবনযাপন ও বিনোদনের সুযোগ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।