অ্যাকশন, প্রতিশোধ আর রকস্টারের চরিত্রের পর এবার রোমান্টিক গল্পে ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নতুন সিনেমা ‘মহব্বত’-এ এক পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। পরিচালনার দায়িত্বে থাকছেন হিমেল আশরাফ।

সিনেমাটিতে পাকিস্তানি অভিনেত্রীর অংশগ্রহণের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শাকিব খান। সম্প্রতি এ প্রসঙ্গে তিনি জানান, পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে বাংলাদেশের একটি যৌথ উদ্যোগ শুরু হতে যাচ্ছে। এতে দেশটির একজন অভিনেত্রীও অভিনয় করবেন।

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন এই অভিনেতা। তাঁর ভাষ্য, দেশটির সিনেমা হল ও আধুনিক মাল্টিপ্লেক্সের সংখ্যা তাঁর ধারণার চেয়েও বেশি। সেখানে কোনো সিনেমা ব্যবসাসফল হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা করতে পারে। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পও একদিন এমন অবস্থানে পৌঁছাবে বলে আশাবাদী তিনি।

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে পর্দায় বেশির ভাগ সময় অ্যাকশননির্ভর চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় তাঁর মারকুটে উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন তিনি।

এবার সেই অ্যাকশন ঘরানা থেকে বেরিয়ে প্রেমের গল্পে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন শাকিব।

পরিচালক হিমেল আশরাফের সঙ্গে শাকিব খানের আগের কাজও বেশ সফল। তাঁদের পরিচালিত ‘প্রিয়তমা’ ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। পরে ‘রাজকুমার’ সিনেমাতেও এই জুটির কাজ দর্শকদের আগ্রহ তৈরি করে।

ফলে নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরেও প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের দুই দেশের শিল্পীদের একসঙ্গে কাজ করার বিষয়টি সিনেমাটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করছে। তবে পাকিস্তানি অভিনেত্রীর নাম এবং সিনেমার শুটিং শুরুর সময় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।