ভারতের গান্ধী পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট করার অভিযোগে বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা হয়েছে। হিমাচল প্রদেশের শিমলার বয়লেগঞ্জ থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

গত ১৩ নভেম্বর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) ও ৩৫৬(২) ধারাসহ তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং বিষয়টি নিশ্চিত করে তদন্ত শুরুর কথা জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি পোস্ট দেন কঙ্গনা। সেখানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার দুই ছেলে সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়। পাশাপাশি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়েও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।

আশির দশকের একটি পুরোনো পারিবারিক ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কঙ্গনার পোস্টটি আলোচনায় আসে। ভিডিওতে ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, মানেকা গান্ধী এবং শিশু রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে একসঙ্গে দেখা যায়।

ওই ভিডিওকে কেন্দ্র করে দেওয়া পোস্টে কঙ্গনা গান্ধী পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক, মানেকা গান্ধীর প্রতি ইন্দিরা গান্ধীর আচরণ এবং সোনিয়া গান্ধীর রাজনৈতিক উত্থান নিয়ে মন্তব্য করেন।

অভিযোগকারী অতুল শর্মার দাবি, কঙ্গনার বক্তব্য রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে বিদ্বেষ ছড়াতে পারে এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তার অভিযোগ, পোস্টে বিভ্রান্তিকর তথ্যও প্রচার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগে উল্লেখ করা বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো খতিয়ে দেখা হবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।