ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন ‘শিশমহল’ গণমাধ্যমের সামনে উন্মুক্ত করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। শুক্রবার (২৭ নভেম্বর) সাংবাদিকদের সেখানে নিয়ে গিয়ে বাসভবনের বিলাসবহুল আসবাব ও বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রতিটি সামগ্রীর গায়ে লাগানো হয় দাম উল্লেখ করা ট্যাগ।
বিজেপির প্রদর্শনীতে দেখা যায়, বাসভবনে রয়েছে ৩০ লাখ রুপির টিভি ইউনিট, ১১ লাখ ৫৬ হাজার রুপির ঝাড়বাতি, ৬ লাখ ৭১ হাজার রুপির মন্দির এবং ৫ লাখ ৪৭ হাজার রুপির দুই আসনের সোফা।
এ সময় দিল্লির পূর্ত বিভাগের মন্ত্রী প্রবেশ ভার্মা বলেন, জনগণের অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, সেটিই তারা গণমাধ্যমকে দেখাচ্ছেন। তার দাবি, কেজরিওয়াল একসময় সরকারি গাড়ি ও বাসভবন ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ এই বাংলো নির্মাণে প্রায় ৫৬ কোটি রুপি ব্যয় হয়েছে।
ভার্মার অভিযোগ, করোনা মহামারির সময় যখন সাধারণ মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, তখন এই বিলাসবহুল বাসভবন নির্মাণ করা হয়েছিল।
পরিদর্শনের সময় কেজরিওয়ালের ব্যবহৃত একটি ফেসবুক লাইভ রুমও দেখানো হয়। সেখানে ছেঁড়া আসনের একটি কাঠের চেয়ার দেখিয়ে বিজেপি নেতা দাবি করেন, সাধারণ জীবনযাপনের প্রচার চালাতে কেজরিওয়াল এই কক্ষ ব্যবহার করতেন।
বাসভবনটিতে আটটি শয়নকক্ষ, ১২টি শৌচাগার, জাকুজি বাথ, স্পা এবং পাঁচটি ওএলইডি টিভিসহ নানা বিলাসবহুল সুবিধা রয়েছে বলে জানানো হয়েছে।
২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালে ৬, ফ্ল্যাগস্টাফ রোডের এই বাংলোয় বসবাস করতেন কেজরিওয়াল। আম আদমি পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি দীর্ঘদিন ধরেই বাসভবনটিকে ‘শিশমহল’ নামে অভিহিত করে আসছে।
২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি আসনে কেজরিওয়ালকে পরাজিত করেছিলেন বিজেপি নেতা প্রবেশ ভার্মা।


মন্তব্য করুন