দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসিয়ান নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
রাশিয়ার কাজানে গত ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত এই বৈঠকে আসিয়ানের সদস্যদেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকটি রাশিয়া-আসিয়ান সম্পর্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বলে জানিয়েছে ক্রেমলিন।
বৈঠকে পুতিন বলেন, রাশিয়া ও আসিয়ান একটি এমন বিশ্বব্যবস্থা সমর্থন করে, যেখানে প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব সমানভাবে স্বীকৃত হবে এবং কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তিনি আরও বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে ইউরেশীয় অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
পুতিনের মতে, প্রতিটি দেশের নিজস্ব উন্নয়ন মডেল রয়েছে এবং রাশিয়া অন্য কোনো দেশের ওপর নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায় না—এটাই তাদের শক্তির অন্যতম দিক।
রাশিয়া সরাসরি আসিয়ান সদস্য না হলেও গত ৩৫ বছর ধরে ‘ডায়ালগ পার্টনার’ হিসেবে জোটটির সঙ্গে যুক্ত রয়েছে। বৈঠকের পাশাপাশি পুতিন আসিয়ানের বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন, যেখানে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা হয়।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, রাশিয়া-আসিয়ান সহযোগিতা ভবিষ্যতে পারস্পরিক বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে।
বৈঠক চলাকালে পুতিন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।
ক্রেমলিন জানিয়েছে, সব মিলিয়ে রাশিয়া-আসিয়ান আলোচনা ছিল গঠনমূলক ও ফলপ্রসূ।

মন্তব্য করুন