https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া আরও সহজ করতে সিটি কর্পোরেশন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সেবাকে ধাপে ধাপে জাতীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে উদ্যোক্তারা অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সের আবেদন, ফি পরিশোধ, নবায়ন, অনুমোদন গ্রহণ এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধা পাবেন।
সংসদে এ পরিকল্পনার কথা জানিয়ে বাণিজ্য ও বিনিয়োগ-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার একাধিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ, দ্বৈত কর পরিহার চুক্তির হালনাগাদ এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
তিনি জানান, নির্বাচিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে ‘প্লাগ অ্যান্ড প্লে’ শিল্প সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থায় ভূমি, অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, পানি, সড়ক যোগাযোগ এবং প্রয়োজনীয় অনুমোদন আগেই প্রস্তুত থাকবে, যাতে বিনিয়োগকারীরা দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেন।
এছাড়া বিভিন্ন সংস্থার অনুমোদন, যাচাই ও পরামর্শ প্রক্রিয়াকে আরও সহজ ও সমন্বিত করা হবে। এসব সেবার অগ্রগতি অনলাইনে অনুসরণ করা যাবে, ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়াও ডিজিটাল ও সময়সীমাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে অপ্রয়োজনীয় বিলম্ব কমবে এবং নিরাপত্তা যাচাই আরও কার্যকর হবে বলে সরকার আশা করছে।
২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের সঙ্গে চারটি ব্যাংক ও সাতটি সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এই উদ্যোগ আরও গতি পায়। সর্বশেষ সংযোজনের ফলে ওএসএস প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৫২-এ পৌঁছেছে।