বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সক্রিয় ও ইতিবাচক জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৭ জুন) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আয়োজিত ‘অলিম্পিক ডে’ র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘You Can Do This, Let’s Move’ প্রতিপাদ্যে আয়োজিত এ র‌্যালির উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদসহ সর্বস্তরের মানুষকে শরীরচর্চা ও খেলাধুলায় উৎসাহিত করা।

অনুষ্ঠানে সেনাপ্রধান অলিম্পিকের তিনটি মূল মূল্যবোধ—‘এক্সিলেন্স, ফ্রেন্ডশিপ ও রেসপেক্ট’—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কেন্দ্রীয় র‌্যালিটি সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। একই সঙ্গে দেশের সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র‌্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালি শেষে চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে সেনাপ্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

এ আয়োজনে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীসহ দেড় হাজারের বেশি মানুষ অংশ নেন।