https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ ভাসছে’—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এ ধরনের কোনো ঘটনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তাই এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।
পুলিশ সদর দফতর আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি করে এমন অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।