https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের যে দাবি ছড়িয়ে পড়েছে, তা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের ভাষ্য, ডিএমপির আওতাধীন তুরাগ, পল্লবী ও রূপনগর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলাও নথিভুক্ত হয়নি।
রোববার (২৮ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হয়েছে। তদন্তে তুরাগ থানা এলাকায় ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। একইভাবে মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার সঙ্গেও প্রচারিত ঘটনার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
ফারুক হোসেন জানান, সংশ্লিষ্ট কোনো থানায় এ বিষয়ে অভিযোগ, জিডি বা মামলার তথ্য নেই। বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে।
গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে ঘটনাটি ডিএমপির আওতাধীন এলাকায় ঘটেছে বলে দাবি করা হলেও তদন্তে তার কোনো প্রমাণ মেলেনি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, আমিনবাজার নৌ পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় দারুসসালাম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নৌ পুলিশের অধিক্ষেত্রভুক্ত বলে জানান তিনি।
আরেক প্রশ্নের উত্তরে যুগ্ম পুলিশ কমিশনার বলেন, ডিএমপি কেবল নিজেদের অধিক্ষেত্রের বিষয়ে বক্তব্য দিতে পারে। ডিএমপির আওতায় এমন কোনো ঘটনা ঘটেনি। ডিএমপির বাইরের এলাকার বিষয়ে মন্তব্য করা তাদের পক্ষে সম্ভব নয়।