https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। নিহত হাদিস মিয়া সরাইল ধর্মতীর্থ চাকসার এলাকার সামসু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যকান্দি গ্রামের ব্যবসায়ী মোশাররফ হোসেন প্রায় নয় মাস আগে একই উপজেলার ধরন্তি গ্রামের আশিক ও আলালের কাছে পাঁচ লাখ টাকার চটাপাটি বিক্রি করেন। দীর্ঘদিন ধরে পাওনা টাকা না পেয়ে রোববার বিকেলে সরাইল শহীদ মিনার এলাকায় তাদের কাছে টাকা চাইলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এই ঘটনার খবর দুই এলাকায় ছড়িয়ে পড়লে রাতের দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলা সংঘর্ষে হাদিস মিয়া টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে সরাইল থানা ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুই পক্ষের বেশ কয়েকজনও আহত হয়েছেন। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।