https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার সকালে রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে (প্লট নং-৪৪) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্যাম্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্পের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি জানান, পূর্বাচল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির অধীনে ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র, ২টি পুলিশ লাইনস এবং ৩টি ডিসি অফিস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রমও চলমান রয়েছে।
আইজিপি বলেন, পূর্বাচল আবাসিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন দিয়েছে। এ লক্ষ্যে রাজউক বাংলাদেশ পুলিশের অনুকূলে মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ডিএমপির আওতায় এনে একটি স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠন করা হবে, যা একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
মো. আলী হোসেন ফকির বলেন, পূর্বাচলে পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি হবে। প্রাথমিক পর্যায়ে দুটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে এবং প্রস্তাবিত পশি থানা এলাকায় নির্মাণাধীন পশি পুলিশ ক্যাম্প আগামী দুই মাসের মধ্যে উদ্বোধনের আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, পর্যায়ক্রমে পূর্বাচলে সব পরিকল্পিত থানা ও তদন্তকেন্দ্র স্থাপন করা হবে, যা একটি আধুনিক ও কার্যকর আইন-শৃঙ্খলা কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||